শিরোনাম

ময়মনসিংহ, ১৫ মে, ২০২৬ (বাসস) : জেলার গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইতিমধ্যে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ পিবিআই’র পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন: আশিক মিয়া (২৭), সোহেল মিয়া ((২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)। তারা সবাই গৌরীপুর উপজেলার বাসিন্দা।
এর আগে গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর স্টেশন রোড এলাকার হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এরপরই ঘটনার তদন্তে নেমে পিবিআই পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় গৌরীপুর থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করে।
পরে মানিকের দেয়া তথ্যের ভিত্তিতে গৌরীপুর উপজেলার পালামন্দর গ্রাম থেকে আশিক মিয়া (২৭) কে নীল রংয়ের রেজি: নেত্রকোনা-ল ১১-১৩৪৭ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।
এ ছাড়াও মোটরসাইকেলের রং বদলানো এবং চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) কে গ্রেপ্তার করা হয়।