শিরোনাম

চাঁদপুর, ১৫ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে চাঁদপুরে একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং মেঘনা পাড়ের ৬০ কিলোমিটারে স্থায়ী শক্তিশালী বাঁধ নির্মাণসহ বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে চাঁদপুরবাসী।
আজ দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরেন জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড তৈরি করা সম্ভব। আমাদের দাবি থাকবে প্রধানমন্ত্রী এটি করে দেবেন। এটি বাস্তবায়ন হলে জেলায় কমপক্ষে দেড় লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি চাঁদপুরসহ আশপাশের জেলাগুলো অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।
তিনি বলেন, কিছু ফ্যাসিবাদী লোক অর্থনৈতিক জোন নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের অবগতির জন্য বলছি, অর্থনৈতিক জোন অনুমোদিত। এটির কাজ চলমান থাকবে। পাশাপাশি ইপিজেড স্থাপন করাও আমাদের দাবি।
মানিক বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুরে আসবেন শুনে জেলার জনগণ ও নেতাকর্মীরা উজ্জীবিত। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।
তিনি বলেন, সফরসূচির আলোকে প্রধানমন্ত্রী প্রথমে শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় দুপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বেলা পৌনে ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং চাঁদপুরবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর ক্লাবে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
এ সময় চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।