বাসস
  ১৫ মে ২০২৬, ১৭:৩৭

দিনাজপুর ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ক্যাসিনো চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি : বাসস

দিনাজপুর, ১৫ মে, ২০২৬ (বাসস) : জেলায় অনলাইনে ক্যাসিনো জুয়া পরিচালনা এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিজ্ঞাপন প্রচারের অভিযোগে আজ বিকেলে ওই চক্রের ৩ সদস্যকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকেলে ৪টায় দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। 

তিনি জানান, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের সূত্রটি জানায়, জেলার বীরগঞ্জ থানার এই সংক্রান্ত একটি মামলা তদন্তে ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। 

গতকাল বৃহস্পতিবার রাতে জেলার কাহারোল উপজেলার বলেয়া গ্রামে ডিবি পুলিশের অভিযানে গীতারাম রায় (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে একই রাত ১০টায় কাহারোল উপজেলার বলেয়া বাজারের ‘মেসার্স মুবাশশির ট্রেডার্স’-এর সন্মুখ থেকে রনি হোসেন (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় অনলাইন ক্যাসিনো জুয়া ও পর্নোগ্রাফি প্রচারের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ তার নিকট থেকে উদ্ধার করা হয়েছে। একই রাত সাড়ে ১০টায় কাহারোল উপজেলার বলেয়া হাটে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

চক্রটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনা ও অবৈধ মানি ই-ট্রানজেকশনের সাথে জড়িত থাকার বিষয় পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে। পুলিশের অভিযানে তাদের নিকট থেকে এ কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সূত্রটি জানায়,অভিযান ও পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের ৪/৫ জন সদস্য কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ও পলাতক আসামীদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে জেলার কাহারোল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ডিবি পুলিশের পক্ষ হতে মামলা দায়ের করা হয়েছে।

আজ বিকাল ৪টায় গ্রেপ্তার আসামি ৩ জনকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের সূত্রটি জানায়, এই চক্রের পালিয়ে থাকা সদস্যদের গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে ব্যক্ত করেন।