শিরোনাম

ঢাকা, ১৫ মে, ২০২৬ (বাসস): রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং বর্তমানে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্বরত আছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে পরবর্তী চার বছর হবে। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।