শিরোনাম

লালমনিরহাট, ১৫ মে, ২০২৬, (বাসস) : সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় তাকে আটক করে।
পুলিশ জানায়, একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে (২৩) জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
তার কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।
স্থানীয়ভাবে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক যুবকের পরিচয় নিশ্চিত করে পুলিশ জানায়, তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকারের ছেলে।
লালমনিরহাট সদর থানার ওসি স্বাদ ইসলাম বলেন, জব্দ করা ডলার থানায় রাখা হয়েছে এবং এর উৎস ও গন্তব্য নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।