বাসস
  ১৫ মে ২০২৬, ১১:৪৪

বাগেরহাটের ভৈরব নদীর তীরে বধ্যভূমির আধুনিকায়ন শুরু

ছবি : বাসস

বাগেরহাট, ১৫ মে, ২০২৬, (বাসস): শহরের ঐতিহাসিক ভৈরব নদীর তীরে অবস্থিত বধ্যভূমির আধুনিকায়ন কাজের উদ্বোধন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে দীর্ঘদিনের ভাঙাচোরা ও অবহেলিত এই বধ্যভূমিকে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, বিএনপি নেতা ওবায়দুল ইসলাম জুয়েল, এস্কেন্দার হোসেন, আবুল কালাম আজাদ বুলু, সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, কামরুজ্জামান শিমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন বলেন, বিগত সরকারের সময় এই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানো হয়নি। আমরা চাই এই বধ্যভূমি শুধু স্মৃতির স্থানই নয়, বরং ইতিহাস, সৌন্দর্য ও দেশপ্রেমের এক অনন্য প্রতীক হয়ে উঠুক।

তিনি আরও বলেন, ভৈরব নদীর অপার সৌন্দর্য, নদীর নাব্যতা এবং মনোমুগ্ধকর পরিবেশ দেখে মানুষ মুগ্ধ হবে। এখানে এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে, অনুভব করবে এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে।