শিরোনাম

নেত্রকোণা, ১৫ মে, ২০২৬, (বাসস): জেলার মদন উপজেলায় পাচারকালে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলের উদ্দেশে রওনা হয়।
স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ট্রাকটি আটক করে।
এ সময় চালক শামীম চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বাসসকে জানান, খবর পেয়ে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ হওয়া চালভর্তি ট্রাকসহ চালক ও তার সহকারী বর্তমানে থানায় আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।