বাসস
  ১৪ মে ২০২৬, ২১:০৫

পটুয়াখালীতে ২৪ লাখ টাকার মাছ জব্দ, আটক ৬

ছবি : বাসস

পটুয়াখালী, ১৪ মে, ২০২৬, (বাসস) : জেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এ সময় মাছ পরিবহনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়। 

জানা গেছে, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস ও দুটি পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সময় মাছ পরিবহনের দায়ে বাস ও পিকআপের চালক এবং হেল্পারসহ মোট ৬ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ পরিবহনের অপরাধে মোট ১৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জব্দকৃত মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।