বাসস
  ১৪ মে ২০২৬, ২০:৩২

খুলনা মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে

ছবি : বাসস

খুলনা, ১৪ মে, ২০২৬, (বাসস) : মহানগরী এলাকায় কেসিসি’র মালিকানাধীন জায়গাসহ বিভিন্ন সড়ক ও খালের পাশর্^বর্তী উম্মুক্ত জমিতে বনায়ন তৈরির লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নকল্পে কেসিসি’র রাজস্ব বিভাগ এ সভার আয়োজন করে।
 
বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা এবং মহানগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় আগামী ১৮০ দিনে মহানগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

শহরের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, ক্লিনিকসহ  উম্মুক্ত জমিতে বৃক্ষরোপণ করা এবং গাছের চারা অনুদান হিসেবে বিতরণের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, সরকার দেশব্যাপী পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। 

মহানগরীতে সবুজায়নের এ কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য তিনি সকলের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি এবং সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। 

মশার প্রজনন হ্রাসে কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

সভায়, কোথায় কোন গাছ রোপণ করা সঠিক হবে তা বন বিভাগ থেকে পরামর্শ নেয়া, বৃক্ষরোপণে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে নিজ নিজ প্রতিষ্ঠানের সম্মুখে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্যানা প্রদর্শন, আসন্ন বৃক্ষমেলা বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য বন বিভাগকে আহ্বান জানানোসহ বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করা হয়।

কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সম্পত্তি কর্মকর্তা গাজী সালাউদ্দিন, জনতা ব্যাংক-কর্পোরেট শাখার ডিজিএম মো. মেহেদী হাসান, কমিউনিটি ব্যাংক-খুলনা শাখার এসএভিপি মো. রোকনুজ্জামান, বেসিক ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার আবু সাঈদ, নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, নিরালা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুরসহ ডাচ বাংলা, ব্র্যাক, মিডল্যান্ড, ঢাকা,  মেঘনা, ওয়ান, প্রাইম, সাউথিস্ট, আল-আরাফা ও ব্যাংক এশিয়া, বেসরকারি সংস্থা রূপান্তর, ব্র্যাক, প্রদীপন, রূপায়ন, সুশীলন, নবলোক, সিয়াম, এ্যাওসেড, ফেয়ার ফাউন্ডেশন, মানবসেবা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।