বাসস
  ১৪ মে ২০২৬, ২০:৫০

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : চসিক মেয়র

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৪ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ।

আজ বৃহস্পতিবার নগরীর চকবাজারস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যতই মেধাবী হও না কেন, সকালের নাস্তা ছাড়া স্কুলে আসলে তোমাদের মস্তিষ্ক ঠিকভাবে পাঠ ধারণ করতে পারবে না। 

শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম, দুধ, কলাসহ সুষম খাদ্য রাখা প্রয়োজন। ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

চসিক মেয়র বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। রোগে আক্রান্ত হওয়ার আগে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়ও স্মরণ করেন।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।