বাসস
  ১৪ মে ২০২৬, ১৯:৫৪

বান্দরবানে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

ছবি: বাসস

বান্দরবান, ১৪ মে, ২০২৬, (বাসস) : জেলার সাংবাদিকদের নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এর আগে গত মঙ্গলবার বান্দরবান প্রেসক্লাবে পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও দক্ষতা অর্জন করতে পারবেন। নতুন নতুন প্রশিক্ষণ সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে এবং মানসম্মত প্রতিবেদন প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া জার্নালিজমের প্রয়োজনীয়তা, সমসাময়িক চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, বিভিন্ন কৌশল, বস্তুনিষ্ঠতার গুরুত্ব এবং সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষকরা।