শিরোনাম

গোপালগঞ্জ, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং অতিদরিদ্রদের কর্মসংস্থান (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডুমরিয়া ইউনিয়নের পারঝনঝনিয়া এলাকায় এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী নিজে কোদাল দিয়ে মাটি কেটে এ খনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, কৃষি ও পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগ এলাকায় জলাবদ্ধতা নিরসন এবং সেচ সুবিধায় যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এ অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম শেখ, ইউপি সদস্য মোমরেজ ফকির, বিজয় বাড়ৈ, নিরাপদ, মো. শামীম হোসেন, আব্দুর রাজ্জাক শেখসহ ডুমুরিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা খনন এলাকা পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।