বাসস
  ১৪ মে ২০২৬, ১৬:৫৬

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: চট্টগ্রামে তিন কারখানাকে জরিমানা

চট্টগ্রাম, ১৪ মে, ২০২৬ (বাসস) : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি করার দায়ে চট্টগ্রাম নগরের তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নগরের এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, ভাঙা ফ্লোরের ওপর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নি¤œমানের আটা-ময়দার সঙ্গে কুঁড়া-ভুসি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল। এ অপরাধে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জানিয়েছে, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।