শিরোনাম

সাতক্ষীরা, ১৪ মে, ২০২৬ (বাসস) : বিশ্বকবি ও জাতীয় কবির জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরায় শত কণ্ঠে রবীন্দ্র ও নজরুল সংগীত পরিবেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের কোষাধ্যাক্ষ জহিরুল হক খান।
প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক শুভ্র আহমেদ, কবি গুলশান আরা, চ্যানেল টোয়েন্টিফোর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য, প্রতাপ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁদের সাহিত্যকর্ম ও গান বাঙালির চেতনা, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র ও নজরুল চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরো বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের হৃদয়ে প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। তাঁদের আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমাজকে আলোকিত করছে।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার আহবায়ক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।