শিরোনাম

ফেনী, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের গৃহবধু রিনা আক্তার (৪০) হত্যার অভিযোগে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো.সাইফুল ইসলাম চট্টগ্রামের নাসিরাবাদ এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ সূত্র জানায়, আজ সকালে চট্টগ্রামের নাসিরাবাদে পিবিআই ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে অভিযানকারী টীম চট্টগ্রাম থেকে ফেনীর পথে রয়েছে।
এলাকাবাসী বাসস’কে জানান, সাইফুল ইসলাম নির্মাণ শ্রমিক ছাড়াও সিএনজি অটোরিকশা চালক ও মাদকাসক্ত। তিনি একই গ্রামের আবুল খায়ের এর ছেলে।
গত মঙ্গলবার (১২ মে) রাতে প্রবাসী মো.মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ বালুচাপা দিয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের লোকজন মৃতদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফওজুল আজিম বাসসকে জানান, গতকাল বুধবার নিহতের বড় ছেলে আরজু বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেপ্তার করে।