বাসস
  ১৪ মে ২০২৬, ১৫:১৪

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুর, ১৪ মে, ২০২৬ (বাসস): মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় টঙ্গীর কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলো- তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার বন্ধু মো. নোমান (১৩)।

নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, বিকেলে ৫টার দিকে ২ বন্ধু মিলে নৌকাযোগে গোসল করতে যায় তুরাগ নদীতে। এক পর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় ইমরান। কিন্তু ইমরানও গভীর পানিতে তলিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ২জনের লাশ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বাসস’কে জানান, ৫ বন্ধু মিলে নৌকায় করে ঘুরতে গিয়েছিল। 

এসময় নোমান নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে ইমরান নিজেও পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।