শিরোনাম

রাঙ্গামাটি, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংলগ্ন ও শিলছড়ি এলাকায় কর্ণফুলী নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধে আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫-এর ৫(ক) ধারা অনুযায়ী অভিযান চালিয়ে ৪শ’ ৫০ মিটার কারেন্ট জাল ও ১শ’ ২০ মিটার দৈর্ঘ্যের ১টি রক জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ফিল্ড সহকারি এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জব্দ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা বাসস’কে জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহার বন্ধে কর্ণফুলী নদীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।