বাসস
  ১৪ মে ২০২৬, ১৫:০০

জামালপুরে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

জামালপুর, ১৪ মে ২০২৬ (বাসস): আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এ সভায় সভাপতিত্ব করেন।

সভায় অংশগ্রহণকারীরা পশু ব্যবসায়ীদের নিরাপত্তা, কোরবানির পশুর বর্জ্য নিষ্কাশন, ঈদে মুসল্লিদের নিরাপদ যাতায়াত এবং কোরবানির কাঁচা চামড়া সংরক্ষণের উপর জোর দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ঈদকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাল নোটের লেনদেন রোধ করতে পশুর হাটগুলোতে জাল মুদ্রা শনাক্তকারী মেশিন স্থাপন করতে হবে। তিনি কাঁচা চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিএসসিআইসি) কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 

অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিমের পরিচালনায় সভায় পুলিশ, বিভিন্ন সরকারি সংস্থা, ইমাম এবং সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।