বাসস
  ১৪ মে ২০২৬, ১৪:২৫

কাপ্তাইয়ে হেলথ প্রোগামের ওপর তিনদিনব্যাপী কর্মশালা

ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৪ মে, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ‘কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ’ প্রোগামের উদ্যোগে ৩০ জন যুবক ও তরুণীদের নিয়ে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন এর টং ইকো রিসোর্টে এই কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ যুব প্রধান-২ মোহাম্মদ ফাহিম উদ্দিন এবং প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান মো. শাকিল।

কর্মশালায় বক্তারা বলেন, দূর্যোগকালীন সময়ে বিপন্ন মানুষদের খোঁজ নেয়া এবং উদ্ধার কার্যক্রমের কৌশল নিয়ে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা জ্ঞান অর্জন করে পরবর্তীতে যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে কাজে লাগাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। 

কর্মশালায় কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ইয়ুথ ভোলান্টিয়ার টিমের ৩০ জন সদস্য অংশ নিচ্ছেন।