শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপি’র দায়িত্বে থাকা সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দুপুর ২টা ৪৫ মিনিটে জামালপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শট পিস্তল), দুই রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে দুইজন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।