বাসস
  ১৩ মে ২০২৬, ২৩:২১

৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র 

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর চকবাজার এলাকায় শিক্ষা অবকাঠামোর উন্নয়নে ৬ কোটি ১৫ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন। 

আজ বুধবার কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রকল্প দুটি হলো ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ রোডের উন্নয়ন এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় থেকে ৫ম তলা)।

মেয়র বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। কাপাসগোলা মহিলা কলেজের সড়ক ও ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারবে।

উদ্বোধন হওয়া সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৬০৬ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের রাস্তা উঁচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে। ভবন সম্প্রসারণ প্রকল্পের চুক্তিমূল্য ৫ কোটি ৮ লাখ টাকা। ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত চারটি ফ্লোর সম্প্রসারণ করা হবে। প্রতিটি ফ্লোরে ৫টি করে মোট ২০টি শ্রেণিকক্ষ থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন ৬ হাজার বর্গফুট।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। 

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং গভর্নিং বডির সদস্যরা। স্বাগত বক্তব্য দেন কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, শাফকাত বিন আমিন ও সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ প্রমুখ।