বাসস
  ১৩ মে ২০২৬, ২১:১৩
আপডেট : ১৩ মে ২০২৬, ২১:২৪

ফেনীতে ঈদুল আযহার প্রস্তুতি সভা

ফেনী, ১৩ মে ২০২৬ (বাসস): আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সঞ্চালনায় এ সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড ক্রাইম) মো. সাইফুল ইসলাম, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুল হাসান, ফেনী পৌরসভার স্বাস্থ্য ও কনজারভেন্সি বিভাগের ইনচার্জ ডা. কে.পি. সাহা, বিসিক এর এজিএম মোহাম্মদ হানিফ, অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, মাওলানা ওমর ফারুক, মুফতি মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জানান, আসন্ন ঈদুল আযহার কুরবানীর পশুরহাট কোনভাবেই সড়ক ও মহাসড়কের উপর করা যাবেনা। এছাড়া বিভিন্ন স্থান থেকে আসা পশু বিক্রেতাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। বাজারে জালটাকা ব্যবহার রোধ করতে তফসিলি ব্যাংকগুলো সহযোগিতায় পর্যাপ্ত মেশিনের ব্যবস্থা করতে হবে। সড়ক-মহাসড়কে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণকল্পে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে। 

এছাড়া পৌরসভা কর্তৃক নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি কুরবানীর পশুর চামড়া পাচার রোধকল্পে সীমান্তে পাহারা জোরদার এবং সংরক্ষণের জন্য পর্যাপ্ত লবন সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক।

পৌরসভার স্বাস্থ্য ও কনজারভেন্সি বিভাগের ডা. কে.পি. সাহা জানান, ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে কুরবানীর পশুর বর্জ্য অপসারণে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। ১৪টি টিম মাঠে কাজ করবে। এছাড়া প্রতিটি বাসাবাড়িতে বর্জ্য সংরক্ষণের ব্যাগ পৌঁছানো হবে। পৌরসভার ৪৮টি নির্ধারিত স্থানে পশু জবাই হবে বলে তিনি উল্লেখ করে। তবে সড়কে এবং ড্রেনের পাশে পশু জবাই যেনো না হয় এজন্য মনিটরিং টিম কাজ করবে।

জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, পবিত্র জি¦লহজ্জ মাসের চাঁদ দেখা গেলে ঈদুল আযহার জামাতের সময়সূচি জানিয়ে দেয়া হবে।