বাসস
  ১৩ মে ২০২৬, ১৯:৩৮

চাঁদপুরে ২০টি বসতঘর ভস্মীভূত

ছবি : বাসস

চাঁদপুর, ১৩ মে ২০২৬ (বাসস): জেলার ফরিদগঞ্জ উপজেলায় আজ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ছোট-বড় মোট ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজ বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। 
 
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়  সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দাবানলের মতো ছড়িয়ে পড়া আগুনে মোট ২০টি বসতঘর ভস্মীভূত হয়। 

ফরিদগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুল ইসলাম জানান, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছে। তবে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।

রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, এ অগ্নিকাণ্ডে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ২০টি বসতঘর পুড়ে গেছে। ওইসব ঘরের বিভিন্ন মালামাল, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরুর আশ্বাস দেয়া হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।