বাসস
  ১৩ মে ২০২৬, ১৯:১০

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে সিলিন্ডার বিস্ফোরণে ১২জন দগ্ধ 

নারায়ণগঞ্জ, ১৩ মে, ২০২৬ (বাসস) : জেলার সোনারগাঁয়ে ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেড’ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), মো. রমিজুল (৪৫), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আল আমিন (৩০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), মো. আমির (২৫), শঙ্কর (২৫), কাওসার (৩০)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বাসস’কে বলেন, দগ্ধদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা কর্মকর্তা ফখরুল ইসলাম বাসস’কে বলেন, দুপুরের খাবার খাওয়ার সময় ক্যান্টিনের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনে থাকা ১২ জনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ক্যান্টিনের রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধরা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাসস’কে বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের টিম কাজ শুরু করেছে। ক্যান্টিনে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, ক্যান্টিনের জানালা দরজা বন্ধ ছিল, সেখানের সিলিন্ডার গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।