শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ১৩ মে, ২০২৬ (বাসস) : কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান বিকেল পর্যন্ত চলে। এ অভিযানে আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ বাজার এলাকার সড়ক ও মহাসড়কের জায়গা দখল করে নির্মিত ছোট-বড় দোকান, টিনশেড স্থাপনা, অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামো বুলডোজার দিয়ে অপসারণ করা হয়।
সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোর কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই সৃষ্টি হতো তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দেয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় আজকে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন লাকসাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে আলম। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও সওজ কর্মকর্তারা জানান, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।