শিরোনাম

রাজবাড়ী, ১৩ মে, ২০২৬ (বাসস): সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে জেলায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্বে করেন জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম ।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, রেড ক্রিসেন্টের সহ সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির নেতা আব্দুল মজিদ, দৈনিক ভোরের রাজবাড়ীর সাংবাদিক, মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম হিরন।
সভাপতির বক্তব্যে রেখা ইসলাম বলেন, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছেন। খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ ও কৃষি ব্যবস্থাকে টেকসই করতে সহায়তা করছে।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান এবং ক্ষুদ্র কৃষকদের কৃষি ঋণ মওকুফের মতো উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। এসব কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বলেন, দেশের মানুষের কল্যাণে নেওয়া যেকোনো ইতিবাচক উদ্যোগকে আরও কার্যকর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করতে হবে।
বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কাছে সরকারি সুবিধা যেন কোনো ধরনের হয়রানি ছাড়া পৌঁছায়, সেদিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, খাল খনন ও বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িত। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।