শিরোনাম

নেত্রকোণা, ১৩ মে, ২০২৬ (বাসস) : ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান’Ñএ প্রতিপাদ্যে জেলায় আজ ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সহায়তায় উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং প্রতিটি জীবনেরই নিজস্ব গুরুত্ব ও মূল্য রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।’
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মো. মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের সহকারী পরিচালক মো. জাকারিয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. দাউদ শরীফ এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
সভা শেষে প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, নেত্রকোণা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান বাস্তবায়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ সার্বিক সহযোগিতা প্রদান করে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।