শিরোনাম

বাগেরহাট, ১৩ মে, ২০২৬, (বাসস): সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সুফল জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচারের লক্ষে বাগেরহাটে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের সুফল ও সফলতা ব্যাপকভাবে প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ কুমার দাস, কৃষি অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাটের উপ-পরিচালক ড. মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান, সসমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার,তথ্য অফিসের সহকারী পরিচালক বিশ্বজিত শিকদার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত ইসলাম লিটন এবং বাসসের জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, দীর্ঘ ১৮ বছরের ভোটারবিহীনতা, রাষ্ট্রীয় নিপীড়ন, বিচারহীনতা ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে বাংলাদেশের জনগণ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে আপসহীন।
তিনি আরও বলেন, সুদীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে হাজারো শহীদের রক্ত, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ এবং শহীদ পরিবারের প্রত্যাশা আমাদের সামনে একটি বৈষম্যহীন, মেধাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অনিবার্য দায়িত্ব তুলে দিয়েছে। জনগণকেন্দ্রিক, মানবিক ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের ইতিবাচক দিকগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
বাগেরহাট জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন স্লাইড প্রদর্শন করা হয়।