শিরোনাম

ময়মনসিংহ, ১৩ মে, ২০২৬ (বাসস) : জেলার মুক্তাগাছার বিরাশি গ্রামে ঘরে থাকা ৩৫ লাখ টাকা চুরির ঘটনার মাত্র ১২ দিনের মাথায় ২১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোররাতে রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের দেয়া তথ্য অনুযায়ী দুই দফায় ২১ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১ মে সন্ধ্যায় বিরাশি গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের বৃদ্ধ মা হাসিনা বেগম প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে এসে দেখেন তার বসতঘরের দরজার তালা কাটা এবং শয়নকক্ষের স্টিলের ট্যাংকের তালা ভাঙা।
পরে তিনি দেখতে পান, জমি কেনার জন্য ঘরে রাখা ৩৫ লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঘটনার পর পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশনায় মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলামের নেতৃত্বে একাধিক পুলিশ টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তি ও এনালগ পদ্ধতির সমন্বয়ে তদন্ত চালিয়ে পুলিশ চুরির রহস্য উদঘাটনে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে বিরাশি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌরভ মিয়া (৩০) এবং একই গ্রামের আবুল কালামের ছেলে জনিকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘর থেকে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালা শারমিন আক্তার শিখার গোয়ালঘরের মাচার নিচে লুকিয়ে রাখা আরও ৩ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে মোট ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুইজন পেশাদার চোর ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, সৌরভ মিয়ার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এছাড়া জনির বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় দ্রুত বিচার আইনের মামলা ছাড়াও শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলাও বিচারাধীন রয়েছে।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, চুরি হওয়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।