শিরোনাম

সুনামগঞ্জ, ১৩ মে, ২০২৬ (বাসস) : জেলায় ‘অটিজম কোন সীমাবদ্বতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডা. তানজিল হক, দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সভাপতি এম তাজুল ইসলাম তারেক ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির সভাপতি নূর উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের অধিক পরিচর্যা করতে হবে। মনে রাখবেন শিশু প্রতিবন্ধী হওয়ার পেছনে মা-বাবার অসচেতনতাই অনেকাংশে দায়ী। বর্তমানে মোবাইলে আসক্ত শিশুরা এই সমস্যায় পড়ে।
এ সময় ৪০ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।