শিরোনাম

সিলেট, ১২ মে, ২০২৬ (বাসস) : সিলেটে চাঞ্চল্যকর শিশু ফাহিমা আক্তার (৪) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকির হোসেন (৩০) সিলেটের জালালাবাদ থানার সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। গতকাল সোমবার দিবাগত রাতে সোনাতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জিজ্ঞাসাবাদে জাকির শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
জাকিরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় টেকেরবাড়ি এলাকার খাল থেকে শিশু ফাহিমার লাশ গুমের কাজে ব্যবহৃত একটি চাদর উদ্ধার করা হয়। এছাড়া, গ্রেফতারকৃতের শয়নকক্ষ থেকে শিশু ফাহিমার লাশ স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি কালো বাক্স ও শয়ন কক্ষের খাটের নিচ থেকে ফাহিমার রক্তমাখা বালিশ জব্দ করা হয় ।
গত ৬ মে সকাল ১১টার দিকে ভিকটিম ফাহিমাকে নিজের ঘরে এনে ধর্ষণের চেষ্টা করে জাকির। এক পর্য়ায়ে ফাহিমা অজ্ঞান হয়ে গেলে আসামি তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নিজের ঘরে লুকিয়ে রাখে। ৮ মে ভোরের দিকে লাশটি তার বাড়ির পাশের একটি ডোবায় লুকিয়ে রাখলেও পরে তা ভেসে উঠে।