বাসস
  ১২ মে ২০২৬, ২৩:৪৩

চট্টগ্রাম বন্দরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

ছবি : বাসস

চট্টগ্রাম, ১২ মে ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বন্দরে অগ্নিকাণ্ডসহ যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা যাচাই ও নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিশেষ অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় জরুরি প্রস্তুতি প্রদর্শনের পাশাপাশি অগ্নিকাণ্ডের বিভিন্ন পরিস্থিতি তৈরি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, উদ্ধার কার্যক্রম এবং আগুন নিয়ন্ত্রণে আধুনিক সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়।

‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আজ বন্দরের ৪ নম্বর জেটি এলাকায় আয়োজিত এই মহড়ায় বন্দর ফায়ার বিগ্রেড ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন ডিপিএম অপারেশন ভবনের সামনে সকাল ১১টা ১০ মিনিটে আগুন দেখা দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে দুই কর্মীর আর্তচিৎকার। সঙ্গে সঙ্গে ডাকা হয় ফায়ার সার্ভিস। মিনিটের মধ্যেই হাজির বন্দর অভ্যন্তরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও অ্যাম্বুলেন্স।

এরমধ্যে আহত দুইজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নির্বাপণ করা হয়। পাশাপাশি, কেমিক্যাল ভর্তি কনটেইনারের মধ্যে সৃষ্ট আগুনও আগুন নির্বাপণকারী ফোম ব্যবহার করে আগুন নেভানোর পাশাপাশি পুরো বন্দরকে নিরাপদ করা হয়।

প্রায় ২০ মিনিটের এই দৃশ্য সবগুলোই সাজানো। বন্দর নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাজানো অগ্নি নির্বাপণ মহড়ার দৃশ্য এগুলো।

মহড়ার বিষয়ে চট্টগ্রাম বন্দরের উপ-পরিচালক (নিরাপত্তা) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বলেন, ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ চলছে। বন্দর নিরাপত্তা সপ্তাহের অংশ হিসেবে এ অগ্নি নির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে কোনো দৈব দুর্ঘটনায় দ্রুততার সঙ্গে যাতে বন্দরকে নিরাপদ করা যায়। এ মহড়ার মাধ্যমে বন্দরের সক্ষমতা ও আন্তঃবাহিনী সমন্বয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।