বাসস
  ১২ মে ২০২৬, ২৩:১৬
আপডেট : ১২ মে ২০২৬, ২৩:২০

উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে সভাকক্ষে এলজিইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দেন। ছবি : পিআইডি

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় আজ এ নির্দেশনা দেন মন্ত্রী। 

সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে  জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।