শিরোনাম

সাতক্ষীরা, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার দেবহাটা উপজেলায় আজ র্যাব-এর অভিযানকালে কাপড়ের রং সহ ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরির দায়ে আইসক্রিম প্রস্তুতকারী দুইটি প্রতিষ্ঠানকে মোট দুইলাখ টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকালে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি আভিযানিক দল উত্তর সখিপুরের শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়।
এসময় প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই সময় পাশ্ববর্তী মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও একলাখ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উভয় আইসক্রিম কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।