বাসস
  ১২ মে ২০২৬, ১৯:৫৬

চট্টগ্রাম নগরে লক্ষ্যমাত্রার ৯৪ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে: চসিক মেয়র

ছবি : বাসস

চট্টগ্রাম, ১২ মে, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের প্রতিটি শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশন এলাকায় এ টিকাদানের লক্ষ্যমাত্রা ইতোমধ্যে প্রায় ৯৪ শতাংশ অর্জিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে নগরীর টাইগারপাস সিটি কর্পোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। 

আগামী ১০ দিনের মধ্যে বাকি শিশুদের টিকার আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, ৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৮ শতাংশ।

তিনি বলেন, ক্যাম্পেইনের বাকি দিনগুলোর মধ্যে টিকার টার্গেট পূর্ণ হবে বলে আশা করছি। পাশাপাশি একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়। টার্গেট পূরণ হলেও টিকার বাইরে কোনো শিশু থাকলে তাকে টিকা দিতে হবে। এছাড়া চাকরিজীবী অভিভাবকদের সুবিধার্থে সান্ধ্যকালীন টিকাদান কার্যক্রমও চালু রাখতে হবে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত ও মাইকিং করতে হবে।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা প্রমুখ বক্তব্য রাখেন।