শিরোনাম

নওগাঁ, ১২ মে ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এবার বোরো মৌসুমে সদর উপজেলায় একহাজার ৯৩৮ টন ধান, ২০ হাজার ৯১৯ টন সিদ্ধ চাল, একহাজার ৮০৩ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১২৯ টন গম সংগ্রহ করা হবে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় জেলা খাদ্য বিভাগের উদ্যোগে সদর খাদ্যগুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁর জেলা প্রশাসক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ফরহাদ খন্দকার, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মোতালেব হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া চালকল মালিক ও কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।
পরে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন। প্রথম দিনে কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ টন ধান সংগ্রহ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবছর জেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে লটারি করে কৃষক বাছাই করা হবে। বাছাইকৃত কৃষকরা খাদ্যগুদামে ধান দিতে পারবেন। এবার ৩৬ টাকা কেজি দরে ধান, ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে গম সংগ্রহ করা হবে।