বাসস
  ১২ মে ২০২৬, ১৮:৩০

হবিগঞ্জের খোয়াই নদীতে চিংড়ির রেণু পোনা অবমুক্ত

ছবি : বাসস

হবিগঞ্জ, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলায় জব্দ করা প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় খোয়াই নদীতে এ রেণু পোনাগুলো অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবির সদস্যরা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বাসস’কে জানান, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা ভর্তি ১০০টি কার্টুন জব্দ করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বাসস’কে বলেন, সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণুর উৎপাদন তুলনামূলক কম হওয়ায় চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে এসব রেণু পোনা দেশে পাচার করে আসছে। বিজিবির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলেও তিনি মন্তব্য করেন।