শিরোনাম

চুয়াডাঙ্গা, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার দামুড়হুদা উপজেলায় আজ ওজনে জ্বালানি তেল কম দেওয়ায় জেলার একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেলার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার বেলা ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফিলিং স্টেশন ও মুদি দোকান তদারকি করা হয়। এ সময় জ্বালানি তেলের (পেট্রোল) প্রতি ইউনিট পরিমাপে গড়মিল থাকায় মো. শাহজাহান আলীর মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনকে ৩০ হাজার জরিমানা করা হয়। পাশাপাশি পেট্রোল ইউনিট যন্ত্র ঠিক না করা পর্যন্ত জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এসময় জেলা ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।