বাসস
  ১২ মে ২০২৬, ১৭:১৮

মাগুরায় অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

মাগুরা, ১২ মে, ২০২৬ (বাসস) : জেলার শ্রীপুর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ জরিমানা করেন। 

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত রঙ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে রাধানগর বাজারের মেসার্স রাজ্জাক তেল মিল এবং মেসার্স জালাল তেল মিলকে ৩ হাজার টাকা করে মোট ছয়হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ফয়েজুল কবীর সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।