শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও র্যাব।
অভিযানে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে একটি বুলেট প্রুফ জ্যাকেট, দুটি বুলেট প্রুফ হেলমেট, এক রাউন্ড তাজা গোলা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।