শিরোনাম

রাজশাহী, ১২ মে, ২০২৬ (বাসস): রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে তারা রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করে।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় করেন তারা।
আলোচনায় ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় নগরীর উন্নয়নের স্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। রাজশাহীকে আরো সুন্দর, সবুজ, আধুনিক, পরিকল্পিত ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, শিল্পায়ন, বিসিক-২ চালু, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও নগরীর উন্নয়ন বিষয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ কাজে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
সাক্ষাৎকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র-সভাপতি মো. শামসুর রহমান (শান্তনু), সহ-সভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মো. তৌহিদ হাসান, মো. রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন, আহসান হাবীব, মো. শাকিলুর রহমান, মো. রুহুল আমীন, মো. গোলাম সাকলাইন, মো. মোবাশ্বের আলী, মো. ফরহাদ হোসেন, মো. মাহমুদ হাসান, নজরুল ইসলাম হেলাল ও এসএম আহসান হাবীব উপস্থিত ছিলেন।