বাসস
  ১১ মে ২০২৬, ২০:৪৮

চাঁদপুরে বজ্রপাতে নিহত ১ 

চাঁদপুর, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলার কচুয়া উপজেলায় আজ মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুরে জেলার কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পদ্মা রানী কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির সামনের মাঠে শুকানো ধান আনতে যান পদ্মা রানী ও তার ছেলে নারায়ন। ধান গুছিয়ে নেওয়ার শেষ মুহূর্তে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে মা ও ছেলে দু’জনেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পদ্মা রানীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।