শিরোনাম

সাতক্ষীরা, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৫৪ হাজার ছয়শ’ টাকা।
আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার চান্দুড়িয়া, মাদরা ও তলুইগাছা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোড়িয়াডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ৫৪ হাজার ছয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।