শিরোনাম

হবিগঞ্জ, ১১ মে, ২০২৬ (বাসস): জেলার বাহুবল উপজেলায় আজ যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান ফারুক (৪৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান ফারুক বাহুবল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জেলার বাহুবল উপজেলার শাহপুর গ্রামের উস্তার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বাহুবল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক মোটরসাইকেল যোগে বাহুবল সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মৌচাক এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিরুজ্জামান ফারুক নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।