শিরোনাম

নারায়ণগঞ্জ, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলার ফতুল্লায় একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার সকালে ফতুল্লার লাকিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেনÑরিকশাচালক আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী দোকানি মো. ফারুক বাসস’কে বলেন, আব্দুল কাদের ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তিনি চাঁদপুরের মতলব উপজেলা নিবাসী। তারা লাকিবাজার এলাকায় শওকত মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
তিনি বলেন, বিস্ফোরণের শব্দে একতলা ওই ঘরের দরজা-জানালা ভেঙে চুরমার হয়ে যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে যায়। প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় আব্দুল কাদেরের স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি অক্ষত রয়েছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বাসস’কে বলেন, ফতুল্লা থেকে আগত দগ্ধ ৪জনের মধ্যে আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সকলেই চিকিৎসাধীন রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাসস’কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে ঘরে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। সকালে যেকোনো উপায়ে আগুনের স্পার্ক থেকে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।