বাসস
  ১১ মে ২০২৬, ১৭:১০

টেকনাফে বিদেশি রাইফেল ও তাজা গোলাসহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ 

ঢাকা, ১১ মে, ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি রাইফেল ও ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। 

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা খাল সংলগ্ন এলাকায় রোববার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।