শিরোনাম

ফেনী, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলার দাগনভূঞা পৌর শহরে নিখোঁজের ২দিন পর ডোবা থেকে হাসান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় পুলিশ বাসা সংলগ্ন ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
মৃত হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে।
শিশুটির বাবা মো. তারেক জানান, গত শনিবার সকালে পৌর শহরের আমানউল্লাহপুর এলাকায় বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বাসস’কে বলেন, আজ সকালে বাসা সংলগ্ন ডোবায় শিশু হাসানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাৎক্ষণিক পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।