বাসস
  ১১ মে ২০২৬, ১৬:৩৫

সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ ৩ জন গ্রেপ্তার

সুনামগঞ্জ, ১১ মে, ২০২৬ (বাসস) : জেলায় ডাকাতির চেষ্টাকালে ১৮ মামলার আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলি, ধারালো ছুরি ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের আরফিন নগরের আব্দুল মছাব্বিরের ছেলে এনামুল হক বাদশা (৩৫), তেঘরিয়া এলাকার নুরমান রশিদের ছেলে শামিনুর ইসলাম শিমুল (২০) ও উত্তর আরফিন নগরের জমির হোসেনের মেয়ে নিকতারা বেগম (৩২)।

গ্রেপ্তারকৃত এনামুল হক বাদশা ঢাকার উত্তরা ব্যাংকে ডাকাতি মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাসস’কে বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের শহীদ মিয়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে লালপুর ব্রিজে গেলে ডাকাতের দল শহীদ মিয়ার কাছ থেকে টাকা ডাকাতি করে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন। 

তিনি আরো বলেন, এসআই আশরাফ ও এসআই জহিরের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।