শিরোনাম

চট্টগ্রাম, ১০ মে ২০২৬ (বাসস): চট্টগ্রাম নগরের মধ্যম চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে ভেজাল মশলা তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আরও দুটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে আজ এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জিরা মশলার সঙ্গে ক্যারাওয়ে বীজ মিশিয়ে বাজারজাত, অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের মশলা প্যাকেটজাত, পোকাযুক্ত, নষ্ট মশলা বিক্রি এবং পোস্ত গুঁড়ার সঙ্গে ভেজাল দ্রব্য মিশিয়ে বাজারজাত করার দায়ে মেসার্স নবীন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, শিল্পে ব্যবহৃত রং খাদ্যপণ্য হিসেবে বিক্রি এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ খাবার হিসেবে বিক্রির দায়ে মেসার্স গোপাল দাস নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির দায়ে মেসার্স শাহ আমানত স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।