শিরোনাম

সাতক্ষীরা, ১০ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৩৩ হাজার একশ’ টাকা।
আজ রোববার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার মাদরা, হিজলদী, কাঁকডাঙ্গা, কালিয়ানী ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ফকিরপাড়া রোড নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৩৩ হাজার একশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।